ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারদের প্রতি ঘৃণা জানানোর জন্য পুনরায় ‘ঘৃণা স্তম্ভ’ স্থাপন করা হয়েছে। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এই স্তম্ভের উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ এর দৌহিত্র আলি হাসান আসকারী। এসময় উপস্থিত ছিলেন- স্তম্ভ নির্মাণের প্রথম উদ্যেক্তা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র তৈয়ব হাবিলদার, আবু নাসের মো. আজমি পাশা, সাবেক ছাত্র নেতা তারেক রায়হান প্রমুখ।
স্তম্ভ উদ্ধোধন শেষে জুতা নিক্ষেপ ও থু থু ছিটিয়ে এতে ধিক্কার প্রদর্শন করেন সাধারণ জনতা।
পুনরায় স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়ে মূল উদ্যোক্তা তৈয়ব হাবিলদার বলেন, আগামী প্রজন্ম পাক হায়েনা বাহিনীর দোসরদের ধিক্কার জানাতে এই ঘৃণা স্তম্ভ কার্যকর ভূমিকা রাখবে। এটি পূর্ণাঙ্গভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে তোলার আহ্বান জানান তিনি।
২০০৭ সালের ১৫ ডিসেম্বর রাজাকারদের প্রতি ঘৃণা প্রদর্শনের লক্ষ্যে এই স্তম্ভ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৈয়ব হাবিলদারের নেতৃত্বে স্থাপিত হয়েছিল। ২০০৮ সালে কে বা কারা এই স্তম্ভ ভেঙে দিলে আবারও তা নির্মাণ করা হয়। এরপর ২০১৩ সালের ২১ ডিসেম্বর রাতের অন্ধকারে ঘৃণাস্তম্ভটি আবার ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
ইত্তেফাক/কেকে/এমআই
