বাগেরহাটে মহিলা এমপির মেয়েকে ছুরিকাঘাত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৮

বাগেরহাটের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপি বড়ালের মেয়ে অদিতি বড়ালকে (৩১)কে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাগেরহাট শহরের শালতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

হাসপাতালে চিৎকিসাধীন আহত অদিতি জানান, শনিবার বিকালে শহরের শালতলাস্থ আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে মহিলাদের নিয়ে আয়োজিত এক সমাবেশে যোগদিতে তার মায়ের সাথে তিনি সেখানে যান। সমাবেশ শেষে তিনি বাসায় ফেরার জন্য তার ব্যক্তিগত গাড়িতে ওঠার সময় এক যুবক তাকে মহিলা এমপি হ্যাপি বড়ালের মেয়ে কি না জানতে চায়। এসময় তিনি 'হ্যাঁ' সূচক জবাব দিলে, ওই যুবক তার পেটে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

বাগেরহাটের সিভিলি সার্জন ডা. অরুণ চন্দ্র মন্ডল জানান, অদিতিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন শংকামুক্ত।

বাগেরহাটের পুলিশ সুপার পংঙ্কজ চন্দ্র রায় জানান, কি কারণে তার ওপর হামলা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সংসদ সদস্য হ্যাপি বড়াল অভিযোগ করে জানান, ২০০০ সালের ২০ আগষ্ট সকালে শহরের সাধনার মোড়ে তার স্বামী আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট কালিদাস বড়ালকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এরপর থেকে বিভিন্ন সময় তাদের ওপর হমলা চালানো হচ্ছে। ৮ মাস আগেও তার মেয়ের পায়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

ইত্তেফাক/নূহু