পেপ গার্দিওলার অধীনে অপ্রতিরোধ্য গতিতে চলছে ম্যানচেস্টার সিটি। সেই সিটির শিকার হয়েছে এবার টটেনহ্যাম হটস্পার। শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে টটেনহ্যামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। এই নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১৬ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখল দলটি।
খেলার শুরুর ১৪ মিনিটের মধ্যেই গোল পায় ম্যানসিটি। লেরয় সানের কর্নারে বল ফাঁকায় পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন ইলকাই গিনদোয়ান। ৭০ মিনিটে গিনদোয়ানের বাড়ানো বল নিয়ে ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইন। ৭৫ মিনিটে ডি-বক্সের মধ্যে ব্রুইনকে ফাউল করা হলে পেনাল্টি পায় সিটি। গ্যাব্রিয়েল জেসুস সেই পেনাল্টি শট নিলেও প্রথম দফায় টটেনহ্যামের জাল ভেদ করেনি। ফিরতি বলে রাহিম স্টার্লিংয়ের শটও ক্রসবারের উপর দিয়ে চলে যায়।
৮০ মিনিটে ব্যবধান আরও বাড়ান স্টার্লিং। আর খেলার একেবারে শেষ মিনিটে স্টার্লিংয়ের দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির। যোগ করা সময়ে অতিথিদের সান্ত্বনাসূচক গোলটি করেন ক্রিস্তিয়ান এরিকসেন।
১৮ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল গুয়ার্দিওলার সিটি। ১৪ পয়েন্ট পিছিয়ে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড।
ইত্তেফাক/কেআই
