আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই শিক্ষাসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন: শিল্পমন্ত্রী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৫:১৯
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই দেশে শিক্ষাসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি রেজিস্টার্ড ও কমিউনিটি মিলিয়ে ২৬ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় সরকারি করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও স্বাধীনতার পর ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। বঙ্গবন্ধুর নীতির আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাহসী উদ্যোগ গ্রহণ করেছেন। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন সরকার দেশে এ ধরনের কোন উদ্যোগ নেয়নি।
 
আজ রবিবার দুপুরে রাজধানীর মতিঝিলে অবস্থিত বিসিআইসি মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
মুসলিম এইড-ইউকে বাংলাদেশের ফিল্ড অফিসের উদ্যোগে ও এডুকেশনাল, চ্যারিটেবল এন্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশান (ইসিএইচও)-এর সহযোগিতায় ঢাকা অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
মুসলিম এইড-ইউকে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও সভায় সভাপতিত্ব করেন। মেধাবী শিক্ষার্থীদের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাসলিমা সুলতানা মিতু প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 
 
এসময় বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাট্রিজ-এর চেয়ারম্যান শাহ মো. আমিনুল হকসহ মুসলিম এইড-ইউকে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, আজকের অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা অঞ্চলের কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১০৬ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ৭ লাখ টাকার বৃত্তির চেক হস্তান্তর করা হয়।
 
ইত্তেফাক/এমআই