আলাভেসকে পরাজিত করে দ্বিতীয় স্থানে উঠে এলো এ্যাথলেটিকো

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৯
ফার্নান্দো তোরেসের একমাত্র গোলে আলাভেসকে পরাজিত করে লা লিগা টেবিলে ভ্যালেন্সিয়াকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এ্যাথলেটিকো মাদ্রিদ। ১৬ ম্যাচ শেষে এ্যাথলেটিকোর সংগ্রহ ৩৬ পয়েন্ট। এইবারের কাছে শনিবারের অপর ম্যাচে ১-২ গোলে পরাজিত হয়ে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ভ্যালেন্সিয়া। এই নিয়ে গত তিন ম্যাচে দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল ভ্যালেন্সিয়া। 
 
আগামী সপ্তাহে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে জিততে পারলে বার্সেলেনোর সামনে সুযোগ আসবে এ্যাথলেটিকোর থেকে ৬ ও রিয়াল মাদ্রিদের থেকে ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবার। তার আগে অবশ্য আগামীকাল কাতালান জায়ান্টদের বিপক্ষে মাঠে নামবে ডিপোর্তিভো লা করুনা। 
 
এবারের মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে এ্যাথলেটিকো। কিন্তু আলাভেসকে পরাস্ত করতে তাদের ৭৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। চলতি মাসের শুরুতে ক্লাবের তৃতীয় কোচ হিসেবে আবেলারডো ফার্নান্দেজ যোগ দেবার পরে প্রথম দুই ম্যাচে জয়ী হয়েছিল আলাভেস। ৬৯ মিনিটে সাওলের পরিবর্তে মাঠে নামার পরপরই গোল উপহার দেন স্প্যানিশ তারকা তোরেস। সিমে ভারসালকোর ক্রস থেকে ৭৪ মিনিটে এ্যাথলেটিকোর হয়ে জয়সূচক গোলটি করেন তিনি। ম্যাচ শেষে এই অভিজ্ঞ স্প্যানিশ বলেছেন, মৌসুমে প্রথম গোল পেয়ে আমি দারুণ খুশী। দলের জয়ে ভূমিকা রাখার অনুভূতি সবসময়ই ভিন্ন।
 
এবারের লীগে মাত্র একটি ম্যাচে মূল একাদশে খেলার সুযোগ পেয়েছিলেন তোরেস। গতকালের ম্যাচে জয়ের পরে কোচ দিয়েগো সিমিয়োনের বাড়তি নজর পড়বে, এমনটাই আশা করছে এই স্প্যানিশ। সিমিয়োনেও শুধুমাত্র তোরেসের প্রশংসাই করেননি। বদলী হিসেবে খেলতে নামা এ্যাঞ্জেল কোরিয়া, ইয়ানিক কারাসকোরও প্রশংসা করেছে। ম্যাচ জয়ে এদের সবারই অবদান রয়েছে বলে সিমিয়োনে মনে করেন। 
 
টানা চার জয়ে যেখানে এ্যাথলেটিকো শিরেপা দৌঁড়ে নিজেদের ফিরিয়ে এনেছে সেখানে ভ্যালেন্সিয়া হঠাৎ করেই জয়ের ধারা থেকে ছিটকে গেছে। নিষেধাজ্ঞা থাকায় শীর্ষ গোলদাতা সিমোনে জাজার অনুপস্থিতিতে কালও নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়েছে লস চে’রা। দ্বিতীয়ার্ধে প্লে মেকার গনসারো গুয়েডেস বদলী বেঞ্চ থেকে উঠে আসার পরেও মার্সেরিনো গার্সিয়া টোরালের দলের ভাগ্য বদলায়নি। বিরতির চার মিনিট পরে টাকাশি ইনুয়ের ভলিতে এগিয়ে যায় এইবার। ৫৭ মিনিটে সান্টি মিনার গোলে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। ৮৭ মিনিটে ইভান আলেয়োর ক্রসে জেয়ান জর্ডানের হেডে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়। গত পাঁচ ম্যাচে চতুর্থ জয় নিয়ে সপ্তম স্থানে উঠে আসলো এইবার। বাসস।
 
ইত্তেফাক/রেজা