মেরি কম, ভাগ মিলখা ভাগ , ধোনি: অ্যা আনটোল্ড স্টোরি, দঙ্গলের মত দুর্দান্ত কিছু বায়োপিক দারুণ সাড়া ফেলেছে বলিউডে। এরাই ধারাবাহিকতায় বলিউডে বায়োপিক নির্মানের হিড়িক চলছে বলিউডে। বায়োপিকের স্রোতে এবার নাম লেখাতে যাচ্ছেন বলিউডের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ভারতের রাজনৈতিক দল শিব সেনা প্রধান বাল ঠাকরের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘বজরঙ্গী ভাইজান’ তারকা।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, রাজ্যসভার সাংসদ তথা শিব সেনার মুখপাত্র সঞ্জয় রাউত নিজে ছবির চিত্রনাট্য লিখছেন। গণমানুষের নেতা বাল ঠাকরেকে একদম কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন রাউত। এমন একজন মানুষের কাহিনি দর্শকদের অবশ্যই জানা উচিত বলেই মনে হয়েছে তার। সেই কারণেই এ কাহিনি পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন তিনি। ঠাকরে হিসেবে তার প্রথম পছন্দ নওয়াজউদ্দিন সিদ্দিকী। ইতিমধ্যেই নওয়াজের সঙ্গে একফ্রেমে দেখা গেছে তাকে। তবে বাল ঠাকরের চরিত্রে তাকেই দেখা যাবে কিনা সে ব্যাপারে এখনই কিছু জানাতে চাননি অভিনেতা।
সঞ্জয় রাউত বলেছেন, ফার্স্ট লুক যেদিন প্রকাশ হবে সেদিনই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।
ইত্তেফাক/রেজা
