নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, পঞ্চগড় জেলার বোদা পৌরসভা নির্বাচনে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। বর্তমান নির্বাচন কমিশন কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চায় না।
রবিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, কালো টাকা ও পেশি শক্তি অপব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. মতিয়ার রহমান, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহাম্মেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামান সুজা, বিএনপির মেয়র প্রার্থী মো. হকিকুল ইসলাম, কাউন্সিলর শাহজাহান আলম, আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিষ্ঠার ১৭ বছর পর আগামী ২৮ ডিসেম্বর পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/ইউবি
