জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, দিন বদলের প্রধান হাতিয়ার হলো গুণগত প্রাথমিক শিক্ষা।শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান করতে শিক্ষকদের আরো দায়িত্বশীল হতে হবে।
আজ রবিবার জেলার কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ইসমাত আরা সাদেক। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
তিনি বলেন, শতভাগ শিক্ষিত জনগোষ্ঠী গড়তে সরকার কাজ করছে। ডিজিটাল পদ্ধতিতে মানসম্মত শিক্ষা প্রদান নিশ্চিত করতে সবধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি আরো বলেন, শিশুরা যাতে ঝরে না পড়ে সেজন্য শিক্ষক ও অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে। এসময় শিশুদের মন বুঝে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিশুদের আনন্দময় পরিবেশে পড়াশোনা করার সুযোগ করে দিতে হবে। তাহলে তারা দ্রুত শিখবে।
তিনি আরো বলেন, তাদের বড় হবার স্বপ্ন দেখাতে হবে। তার আগে শিক্ষকদের নিজেদের পরিবর্তনে এগিয়ে আসতে হবে। বাসস
ইত্তেফাক/কেকে
