রাজধানীর গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ সড়কে ছিনতাইকারীদের খপ্পড়ে মায়ের কোল থেকে পড়ে মারা গেছে পাঁচ মাসের শিশু আরাফাত। ছিনতাইকারীরা সড়কে মহিলা রিক্সাযাত্রীকে একা পেয়ে ভ্যানিটি ব্যাগ টান দেয়। হেঁচকা টানে ব্যাগের সাথে কোল ছাড়া হয় শিশু আরাফাত। পাকা রাস্তায় পড়ে আহত হয় আরাফাত। সোমবার ভোরে রাজধানীর গেণ্ডারিয়া থা্নাধীন দয়াগঞ্জ এলাকার রাস্তায় এঘটনা ঘটে। রাস্তায় পড়ে আহত শিশুকে সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুর মা আকলিমা, বাবা শাহ আলম। তাদের বাড়িশরীয়তপুর সদরের নরসিংদীপুরে। ভোরে লঞ্চযোগে শরীয়তপুর থেকে ঢাকায় ফিরছিলেন তারা। অসুস্থ অপর সন্তান আল আমিনের(২০) চিকিৎসার জন্য ঢাকায় আসা তাদের।
মা আকলিমা বলেন, ছেলে আল আমিনের চিকিৎসার জন্য ঢাকা আসা। লঞ্চ থেকে বাবা শাহ আলম আল আমিনকে নিয়ে শিশু হাসপাতালে যায়। আমি শিশু আরাফাতকে নিয়ে রিকশাযোগে শনির আখড়ায় বোন মাকসুদার বাসায় রওয়ানা হই। রিকশা দয়াগঞ্জে পৌঁছলে ২-৩ জন ছিনতাইকারী হঠাৎ দৌড়ে এসে ভ্যানিটি বেগ ধরে হ্যাঁচকা টান মারে। কিছু বুঝে উঠার আগেই ব্যাগের সাথে কোল থেকে পড়ে যায় আমার আরাফাত।
মা আকলিমা বলেন, ‘এক সন্তানকে বাঁচাতে এসে আরেক সন্তানকে হারাবো ভাবতে পারিনি। ওরা আমার শুধু ব্যাগ নিলেও আফসোস ছিল না। কিন্তু ওরা আমার বুকের ধনও কেড়ে নিলো!’
এব্যাপারে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মিজানুর রহমান বলেন, দয়াগঞ্জে ছিনতাইকারী কর্তৃক ছিনতাইয়ের ঘটনার সময় রিক্সা থেকে শিশুর পড়ে মৃত্যুর সংবাদ পেয়েই পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
জানতে পেরেছি নেশাগ্রস্থ ছিনতাইকারীরা এঘটনা ঘটিয়েছে। আমরা তাদের গ্রেফতারে অভিযান শুরু করেছি।
ইত্তেফাক/কেআই
