এমপি হেপী বড়ালের মেয়ের উপর হামলার ঘটনায় মামলা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৮:০৭
 
বাগেরহাটে সংসদ সদস্য হেপী বড়ালের মেয়ে অদিতি বড়ালের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে সংসদ সদস্য হেপী বড়াল বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। তবে পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। 
 
১৬ ডিসেম্বর শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিলা পরিষদ আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান থেকে সন্ধ্যায় শালতলার বাসায় ফেরার পথে হেপী বড়ালের মেয়ে অদিতি বড়ালকে অজ্ঞাত দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
 
অদিতি বড়াল ঢাকায় অবস্থিত লন্ডন কলেজ অব স্ট্যাডিজ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এলএলবি সম্পন্ন করে স্নাতকোত্তর করছেন।
 
এদিকে বাগেরহাট জেলা আওয়ামী লীগ দলীয় এমপির মেয়ের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক রতন নন্দী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে - দলীয় সাংসদ হেপী বড়ালের মেয়ে অদিতি বড়ালের উপর যারা হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানানো হয়।
 
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ‘আমরা মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করেছি। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি। এই হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। অভিযান অব্যাহত রয়েছে।’
 
ইত্তেফাক/ইউবি