ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগে টোটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে ম্যাচ খেলেতে এসে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার রাহিম স্টার্লিং। বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে ব্রিটিশ পুলিশ। শনিবার ইত্তেহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪-১ গোলে জয়লাভ করেছে পেপ গার্দিওলার সিটিজেনরা।
পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘পরেরদিন রোববার পুলিশ নিশ্চিত করেছে যে ২৩ বছর বয়সি এই ইংলিশ আন্তর্জাতিক তারকা বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন।’ দ্য সানডে পত্রিকার রিপোর্টে বলা হয়, শনিবার সকালে ম্যাচে অংশ নেয়ার জন্য স্টার্লিং ইত্তেহাদ প্রাঙ্গণে পৌঁছানোর পর এক ব্যক্তি তাকে লাথি মারে এবং বর্ণবাদী মন্তব্য ছুঁড়ে দেয়। রিপোর্টে বলা হয়, ম্যাচে দুই গোল করা স্টার্লিং প্রস্তুতির জন্য স্টেডিয়াম এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে অপেক্ষমান ব্যক্তিটি এ কান্ডটি ঘটিয়েছে। এতে বলা হয় স্টার্লিং গাড়ী থেকে নেমে লোকটিকে কি হয়েছে জিজ্ঞেস করলে সে তার পায়ে লাথি মারে।
এ বিষয়ে সিটির পক্ষ থেকে অবশ্য কোন বক্তব্য পাওয়া যায়নি। আনুষ্ঠানিকভাবে কোন অভিযোগও করা হয়নি। তবে পুলিশের ভাষ্য এটি একটি ‘ঘৃণ্য অপরাধ’। এখনো পুলিশের তদন্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রস্তুত না হলেও বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে ‘এটি একটি ঘৃণ্য অপরাধ’।
সিটিজেনদের রেকর্ড মৌসুমে ক্লাবটির হয়ে তারকাসুলভ পারফর্মেন্স করছেন স্টার্লিং। এ পর্যন্ত সবগুলো ম্যাচ থেকে তিনি ক্লাবের হয়ে গোল করেছেন ১৫টি। এর ফলে পেপ গার্দিওলার ক্লাবটি টানা ১৬ ম্যাচে জয়ের মাধ্যমে প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের শির্ষে অবস্থান করছে।বাসস।
ইত্তেফাক/রেজা
