আগামী নির্বাচন বিএনপির বাঁচা-মরার নির্বাচন: আমীর খসরু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনে যে জাতীয় নির্বাচন আসছে, সেটা বিএনপির জন্য বাঁচা-মরার লড়াই। এই নির্বাচনকে সামনে রেখে আমাদের সকল অধিকারকে ফিরিয়ে আনার জন্য যে সংগ্রাম আসছে তাতে উত্তীর্ণ হতে হবে। এর কোনো বিকল্প নেই। 
 
তিনি বলেন, সরকার সংবিধান পরিবর্তন করেছে একদলীয় শাসনের জন্য। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা, পারিবারিক নিরাপত্তা ও তাদের আদর্শ চেতনার পক্ষে কথা বলার জন্য সংবিধান পরিবর্তন করা হয়েছে।
 
সোমবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি।
 
আমীর খসরু বলেন, আজকে সরকার নিজেদের সুবিধার্থে জনগণের ওপর চাপিয়ে দিতে সংবিধান কিছু পরিবর্তন করেছে। তারা সংবিধানকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছেন, এতে হাত দেয়া যাবে না। কারণ সংবিধানে হাত দিলে সুষ্ঠু নির্বাচন দিতে হবে, মানবাধিকার ফিরিয়ে দিতে হবে। অথচ সরকার সংবিধান পরিবর্তন করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে, কারও কারও পারিবারিক নিরাপত্তার জন্য। কিন্তু একটি কথা স্পষ্ট, সংবিধান মানুষের অধিকার সুরক্ষায় তাই যতবার প্রয়োজন হবে তত বার সংবিধান পরিবর্তন করতে হবে।
 
সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, নারী নেত্রী জুয়েলা পারভীন প্রমুখ।
 
ইত্তেফাক/এমআই