মৌসুম শেষে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোচ পেপ গার্দিওলার সঙ্গে আলোচনার পরিকল্পনা করছে ম্যানচেস্টার সিটি। ক্লাবটি স্প্যানিশ এই কোচের সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি করতে চায় বলে সোমবার স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে।
প্রিমিয়ার লীগে বর্তমানে নিকটতম প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের শীর্ষ এই টুর্নামেন্টে টানা ১৬ ম্যাচে জয়ের ধারায় থাকার রেকর্ডটিও এখন সিটিজেনদের দখলে। চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ম্যাচেও সহজ জয়ের মাধ্যমে নকআউট পর্বে উন্নীত হয়েছে ক্লাবটি।
তিন বছরের চুক্তিতে সিটিতে যোগ দেয়া ৪৬ বছর বয়সি গার্দিওলা এখন মেয়াদের মধ্যবর্তী অবস্থানে রয়েছেন। তবে ক্লাবটি বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচের উপর এতটাই আস্থাশীল হয়ে পড়েছে যে তারা তাকে দীর্ঘ সময়ের জন্যই রেখে দিতে চায়।
গত মাসে ২০১৯ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই কোচ বলেছেন, বর্তমান চুক্তি এবং সিটিতে অবস্থান নিয়ে তিনি বেশ সন্তুষ্ট। ইংল্যান্ডের ক্লাবে যোগ দিয়ে বেশ হৈচৈ সৃস্টি করলেও প্রথম মৌসুমে ক্লাবকে কোন ট্রফিই এনে দিতে পারেননি গার্দিওলা। লীগ শেষ করেছেন হতাশার তৃতীয় অবস্থান নিয়ে। চ্যাম্পিয়ন্স লীগেও প্রথম নকআউট পর্ব থেকে বিদায় নিতে হয়েছে তার শিষ্যদের।
কিন্তু সর্বশেষ গ্রীষ্মকালীন দলবদলের সময় সিটি খেলোয়াড় সংগ্রহের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। মৌসুমের এখনো ৫ মাস বাকী থাকলেও এরই মধ্যে ক্লাবটিকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছেন কাতালান কোচ।
টাইম পত্রিকায় বলা হয়, গার্দিওলা গত বছর যখন ম্যানচেস্টারে পৌঁছেছিলেন তখনই ধারনা করা হয়েছিল যে তিনি শুধুমাত্র তিন বছরের চুক্তির মেয়াদ কাটানোর জন্য আসেননি। দীর্ঘ মেয়াদের জন্য তিনি সেখানে পৌঁছেছেন বলে ধারণা করা হয়েছিল। রিপোর্টে আরো বলা হয় যে, ক্লাবের প্রধান নির্বাহী ফেরান সোরিনোর সঙ্গে কাজ করাকে দারুণভাবে উপভোগ করছেন গার্দিওলা। ক্লাবের ফুটবল পরিচালক টক্সিকি বেগিরিস্টাইনের সঙ্গেও তার দারুন সখ্যতা রয়েছে। কারণ এর আগে বার্সেলোনায় তারা একত্রে কাজ করেছেন।
উল্লেখ্য, ২০১২ সালে বার্সেলোনাকে চারটি ট্রফি এনে দেয়ার পর নিজেকে পরিপূর্ণ বিশ্রাম দেয়ার লক্ষ্যে স্বেচ্ছায় নির্বাসনে চলে গিয়েছিলেন গার্দিওলা। নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে বেশ কিছুদিন সময় কাটানোর পর তিনি কোচের দায়িত্ব নিয়ে জার্মানিতে প্রত্যাবর্তন করেন। সেখানে বায়ার্ন মিউনিখকে বুন্দেসলীগার টানা তিনটি শিরোপা এনে দিয়ে ২০১৬ সালে সিটিতে যোগ দেন গার্দিওলা।বাসস।
ইত্তেফাক/রেজা
