এল ক্লাসিকোতে দুই শিবিরে আশা জাগাচ্ছেন রোনালদো-সুয়ারেজ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১১:৫৮
মৌসুমের প্রথম ভাগে বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজেদের ফর্ম নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন। কিন্তু শনিবার মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোকে সামনে রেখে দুই দলের দুই সুপারস্টার নিজেদের নামের প্রতি সুবিচার করতে শুরু করেছেন। 
 
রোনালদোর একমাত্র গোলে ব্রাজিলিয়ান দল গ্রেমিওকে হারিয়ে গত শনিবার আবুধাবিতে ক্লাব বিশ্বকাপের শিরোপা অক্ষুণ্ন রাখতে সক্ষম হয় রিয়াল। অন্যদিকে দিপোর্তিভো লা করুনাকে গত রবিবার লা লিগায় ৪-০ গোলে বিধ্বস্ত করা বার্সেলোনার হয়ে দুই গোল করেছেন উরুগুয়ের তারকা সুয়ারেজ। এই জয়ে রিয়াল মাদ্রিদের থেকে ১১ পয়েন্ট এগিয়ে সুস্পষ্ট ব্যবধানে লা লিগা টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে কাতালান জায়ান্টরা। আগামী শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মুখোমুখি হবার আগে বার্সেলোনার লক্ষ্যই থাকবে এই লিড ধরে রাখার। অন্যদিকে স্বাগতিক হিসেবে বাড়তি সুবিধা নিয়ে মাঠে নামা রিয়ালের সামনে সুযোগ থাকবে ম্যাচে জয়ী হয়ে পয়েন্টের ব্যবধান কমানোর। 
 
মৌসুমে রিয়ালের হতাশাজনক শুরুর পিছনে রোনালদোর ফর্মহীনতাকে অনেকাংশেই দায়ী করা হচ্ছে। যদিও ধীরে ধীরে পর্তুগিজ তারকা নিজেকে ফর্মে ফিরিয়ে এনেছেন। লিগের প্রথম আট ম্যাচে মাত্র একটি গোল করেন তিনি। কিন্তু হঠাৎই নিজেকে আবারো ফর্মে ফিরিয়ে এনে প্রমাণ করেছেন, কেন তিনি বিশ্বসেরা। সব ধরনের প্রতিযোগিতা শেষ সাতটি ম্যাচে সিআর সেভেন করেছেন আটটি গোল। আবুধাবিতে ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের পরে রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারানে বলেছেন, ‘ক্রিস্টিয়ানো ক্রিস্টিয়ানোই, তাকে নিয়ে কখনই কোন সন্দেহ করর অবকাশ নেই।’
 
ফেব্রুয়ারিতে ৩৩ বছরে পা রাখতে যাওয়া রোনালদো নিজের পারফরমেন্স দিয়েই বারবার সমালোচকদের মুখ বন্ধ করেছেন। বার্সেলোনার বিপক্ষেও ভাল করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আশা করছি ম্যাচটা জিতে মৌসুমটা আবারো স্মরণীয় করে রাখতে চাই। নিজের সেরা খেলাটা দিয়ে দর্শকদের আনন্দ দিতে চাই। 
 
বার্সা অবশ্য তুলনামূলকভাবে চলতি মৌসুমে একটু এগিয়ে আছে। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে অপরাজিত রয়েছে কাতালানরা। দিপোর্তিভোর বিপক্ষে সপ্তাহের শুরুতে মৌসুমের সেরা ম্যাচ উপহার দিয়েছে। যদিও এ পর্যন্ত মৌসুমের প্রায় প্রতিটি ম্যাচেই মেসি ছিলেন অনবদ্য। এরপরও সুয়ারেজর নিজের যোগ্যতা দিয়েই প্রতিটি জয়ে ভূমিকা রেখে চলেছেন। দিপোর্তিভোর বিপক্ষে দুই গোল করা ছাড়াও আরেকটি গোল ভিএআর প্রযুক্তির অভাবে বাতিল হয়ে যায়। সব ধরনের প্রতিযোগিতা প্রথম আট ম্যাচে মাত্র দুই গোল করা সুয়ারেজ এখন শেষ সাত ম্যাচে করেছেন ৬ গোল। নভেম্বরে উরুগুয়ে জাতীয় দল থেকে তাকে বিশ্রামের সিদ্ধান্ত নেয়ার পর থেকেই সুয়ারেজের ভাগ্য বদলে যায়। দিপোর্তিভোর বিপক্ষে মেসির পেনাল্টি মিস হবার পরে তিনটি শট বারে লাগলে সুয়ারেজই বার্সার ত্রাণকর্তা হিসেবে উপস্থিত হন।
 
ইত্তেফাক/কেআই