আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তিনদিন পূর্বেই প্রার্থীদের দুটি ভোট কেন্দ্রের আশপাশের সকল ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও নির্বাচনের রিটানিং অফিসার শেখ মনজুরুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের অভীষ্ট লক্ষ্যে পৌছানোর জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ও আচরণের বিকল্প নেই। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে পরমসহিষ্ণু হবার এবং সহনশীলতা প্রদর্শন করার জন্য আহবান করা হচ্ছে। একই সাথে মর্যাদাপূর্ণ নির্বাচনী প্রচারণা চালানোর জন্য উচ্চ শিক্ষিত ও দায়িত্বশীল রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের প্রতি আকুল আবেদন জানানো যাচ্ছে। এছাড়া বর্তমান কোনো শিক্ষার্থীকে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত না হওয়ার জন্য আহবান করা হচ্ছে।
এদিকে এর আগে এ নির্বাচনে কোনো আচরণ বিধি না থাকায় বিশ্ববিদ্যালয়ের ঘোষিত দুটি ভোট কেন্দ্র কলা ও মানবিক অনুষদ এবং সমাজবিজ্ঞান অনুষদে ব্যানার ও পোস্টার দিয়ে পুরো ভবন ছেয়ে ফেলে প্রার্থীরা। সরেজমিনে দেখা যায়, সমাজবিজ্ঞান অনুষদে ব্যানারের কারণে ভবনের সমাজবিজ্ঞান লেখাটিও ঢাকা পড়েছে। এছাড়া শহীদ মিনারের সামনে ব্যানারের কারণে শহীদ মিনারও ঢাকা পড়েছিলো। যার কারণে এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা ফেসবুকে এসব ছবি পোস্ট করে বিভিন্ন মন্তব্য করে। পরবর্তীতে সমালোচনার মুখে পড়ে শহীদ মিনারের সামনে থেকে ব্যানারটি সড়িয়ে ফেলা হয়। কিন্তু দুটি ভোট কেন্দ্র থেকে এখনও কোন ব্যানার ও পোস্টার সড়ানো হয়নি। যার পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
ইত্তেফাক/এএম।
