মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা সাড়ে ছয় লাখ রোহিঙ্গাকে ফেরাতে আজ মঙ্গলবার ঢাকায় ৩০ সদস্যের যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রসচিব দুই দেশের পক্ষে কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওয়ার্কিং গ্রুপ গঠন ও এর কার্যপরিধি চূড়ান্ত হয়। মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো বৈঠকে যোগ দিতে সোমবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে তিনি বৈঠক করেন।
গত ২৩ নভেম্বর মিয়ানমারের রাজধানী নেপিডোতে রোহিঙ্গাদের ফেরাতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ওয়ার্কিং গ্রুপ গঠনের নির্দিষ্ট সময় ১৪ নভেম্বর শেষ হয়। এই সময়ে দুই দেশের মধ্যে ওয়ার্কিং গ্রুপ গঠন নিয়ে দফায় দফায় পত্র বিনিময় হয়। সর্বশেষ চূড়ান্ত আলোচনা করতে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত হয়।
ইত্তেফাক/এমআই
