স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। আজ মঙ্গলবার সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার রোগীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ৬০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক ওয়ার্ডের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। তুরস্কের প্রধানমন্ত্রী বিনআলী ইলদ্রিম ও স্বাস্থ্যমন্ত্রী যৌথভাবে এই ক্যান্সার ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, তুরস্কের রাষ্ট্রদূত দেব্রিন অজস্তুর্ক এবং স্বাস্থ্যসচিব (সেবা) সিরাজুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
মোহাম্মদ নাসিম বলেন, তুরস্ক সরকার বাংলাদেশের উন্নয়নে বিশেষ করে স্বাস্থ্যখাতে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এই ৬০ শয্যাবিশিষ্ট এসি ওয়ার্ডটির উদ্বোধন করা হয়েছে। এখানে ক্যান্সার আক্রান্তরা চিকিৎসাসেবা পাবেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২০১৬ সালে তুরস্কের রাষ্ট্রদূত একটি অ্যাম্বুলেন্সও প্রদান করেছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে দেশের কয়েকটি জেলায় নিজস্ব অর্থায়নে ১০টি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে। আরও দশটি কমিউনিটি ক্লিনিক নির্মাণের প্রস্তুতি চলছে। বাসস।
ইত্তেফাক/এমআই
