‌‘অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৯:২৭
 
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করতে বৈশ্বিকভাবে এগিয়ে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন।
 
তিনি অভিবাসীদের অধিকারের কথা উল্লেখ করে বলেন, ‘নিয়মতান্ত্রিক ও নিয়মিত অভিবাসন কমপ্যাক্ট গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, অভিবাসন ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, জাতীয় নীতিমালায় সুনির্দিষ্টভাবে অভিবাসনকে স্থান দেওয়া এবং অভিবাসনের ফলপ্রসু ব্যবস্থাপনার জন্য পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করা দরকার।’
 
মাসুদ বিন মোমেন সোমবার জাতিসংঘ সদরদফতরে অভিবাসী দিবস পালন উপলক্ষে অভিবাসনের সত্যান্বেষণ: বিশ্ব অভিবাসন রিপোর্ট-২০১৮-এর উদ্বোধন’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন।
 
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশ ও পর্তুগালের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে। আজ মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
এতে বলা হয়, ইভেন্টটির কী-নোট স্পিকার ছিলেন আইওএম’র মহাপরিচালক রাষ্ট্রদূত উইলিয়াম ল্যাসি সুইং।
 
পর্তুগালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ফ্রান্সসিসকো ডুয়ারর্টে লোপেজ ইভেন্টটিতে স্বাগত বক্তব্য দেন। বিশ্ব অভিবাসন রিপোর্ট ২০১৮’র উদ্বোধন এবং অভিবাসন ব্যবস্থাপনার নির্দেশকসমূহকে পরিচিত করানোর লক্ষ্যেই এই ইভেন্টটি আয়োজন করা হয়।
 
রাষ্ট্রদূত মাসুদ উল্লেখ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী অনিয়মিত ও অনিরাপদ অভিবাসনের ধারা হ্রাসের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণীর অংশবিশেষও তিনি পড়ে শোনান।
 
ইত্তেফাক/কেকে