বিজিবি দিবসে প্রথমবারের মতো যোগ দিচ্ছে ভারত-মিয়ানমার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ২০:৪২
বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দফতরে সকাল ৮টায় পতাকা উত্তোলন এবং ‘সীমান্ত গৌরব’ এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুুষ্পস্তবক অর্পণ করবেন মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম ও অভিবাদন গ্রহণ করবেন।
 
এদিকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা উন্নয়নের নিদর্শন স্বরূপ প্রথমবারের মতো ভারত ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা বিজিবি দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ মহাপরিচালক শ্রী কৃষান কুমার শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদল এবং মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি’র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মায়ইন্ট তোয়ের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে একই সঙ্গে উপস্থিত থাকবেন।
 
বিজিবি দিবস উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদান করবেন। দুপুর ১২টা ২৫ মিনিটে বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের দরবার গ্রহণ করবেন।
 
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে মন্ত্রীবর্গ, উপদেষ্টাবৃন্দ, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং কূটনৈতিক কোরের সদস্যরা উপস্থিত থাকবেন।
 
বিজিবি দিবস উপলক্ষে পিলখানা ছাড়াও ঢাকার বাইরে সকল রিজিয়ন, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ, সকল সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে মিলাদ ও বিশেষ দোয়া, আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে বিশেষ দরবার, অত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই