মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান সোহাগপুরের পাঁচ নির্যাতিতা নারী

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ০২:০৭

একাত্তরের বর্বর গণহত্যার সময় নির্যাতনের শিকার সোহাগপুরের পাঁচ বীরাঙ্গনা নারী তাদের জীবদ্দশায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান। গত মার্চ মাসে ওই পাঁচ নারী মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদনও করেছেন।

এর প্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর থেকে উপজেলা মত্স্য কর্মকর্তা দেবযানি ভৌমিকের নেতৃতে পাঁচ সদস্যের একটি যাচাই বাছাই টিম কাজ করেছে। দেবযানি ভৌমিক বলেন, আমাকে আহ্বায়ক করে একটি যাচাই বাছাই কমিটি করা হয়েছে। আমরা কাজ করছি। এখনই কিছু বলা যাবে না।

১৯৭১ সালের ২৫ জুলাই নালিতাবাড়ী উপজেলার নিভৃত পল্লী সোহাগপুরের বেনুপাড়ায় পাক-হানাদার বাহিনী গণহত্যা চালায়। ওই সময় রাজাকার-হানাদাররা নারীদের উপর শারীরিক নির্যাতন করে। রাজাকারদের সহায়তায় হানাদার বাহিনী ওইদিন ১৮৭ জন পুরুষকে নির্মমভাবে হত্যা করে। এতে বিধবা হন ৬২ জন নারী। আর নির্যাতনের শিকার হন ১৪ জন নারী। নির্যাতিত ওই ১৪ নারীর মধ্যে তিনজন ইতোমধ্যে মারা গেছেন। নির্যাতিতা ১৪ জনের মধ্যে সরকার ইতোমধ্যে ছয় নারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছেন। বাকি জীবিত পাঁচজন বিধবা নারী স্বীকৃতির আশায় বেঁচে আছেন। এর বাইরেও নতুন করে আরো চার নারী নিজেদের বীরাঙ্গনা দাবি করছেন। এরা সবাই মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান। ওই নির্যাতিতা নারীদের আশা জীবনের শেষ দিকে এসে হলেও তারা মুক্তিযোদ্ধার সম্মানটুকু পাবেন।

আবেদনকারীরা হলেন সোহাগপুর গ্রামের করফুলি বেওয়া(৭৫), হাজেরা খাতুন(৭৩), আমেনা বেওয়া(৬৭), কাকরকান্দি গ্রামের হাছেন আরা(৬৯), ও জরিতন বেওয়া (৮১)। এদের সবার স্বামীকেই ওইদিন হত্যা করা হয়। আবেদনকারীদের মধ্যে করফুলি বেগম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে জামায়াতের সেক্রেটারি জেনারেল কামারুজ্জানের বিরুদ্ধে সাক্ষীও দিয়েছেন।

করফুলি বেগম বলেন, ওইদিন আমার স্বামীসহ পরিবারের তিনজনকে পাকবাহিনী চোক্ষের সামনে গুলি কইরা মারছে। আমগর উপর যে অত্যাচার অইছে...। এইডা কউনের নাই। বুকের মইধ্যে কষ্ট চাপা দিয়া বাইচা আছি। মামলায় সাক্ষীও দিছি।

সোহাগপুর শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন বলেন, ১৪ জনের মধ্যে ইতোমধ্যে সরকার ছয়জনকে নারী মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়েছে। গত মার্চ মাসে পাঁচ এবং এখন আরো চারজন সরকারের কাছে আবেদন করেছেন। আমরা চাই সরকার পরীক্ষা করে তাদেরকেও স্বীকৃতি দেক।

ইত্তেফাক/নূহু