মাগুরায় নদীতে ভেঙে পড়া লোহার ব্রিজটি ১০ মাসেও অপসারণ হয়নি পানিতে ডুবে নষ্ট

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ০২:০৯

মাগুরা যশোর সড়কের শালিখা উপজেলার সীমাখালী নামকস্থানে চিত্রা  নদীর ওপর  নির্মিত লোহার  ব্রিজটি ভেঙে পড়ার ১০ মাস পরও অপসারণ না করায় পানিতে ডুবে নষ্ট হচ্ছে। ব্রিজের লোহার যন্ত্রাংশ পানিতে তলিয়ে গিয়ে মরিচা ধরছে। ভেঙে পড়ার দীর্ঘদিন পরও ব্রিজটির যন্ত্রাংশ খোলা হয়নি। ফলে কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হচ্ছে।

জানা গেছে, মাগুরা যশোর ভায়া আড়পাড়া সড়কের সীমাখালী নামকস্থানে চিত্রা নদীর ওপর সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে লোহার সেতু নির্মাণ করা হয়। গত ১৩ ফেব্রুয়ারি একই সাথে তিনটি ট্রাক উঠলে প্রচণ্ড শব্দে সেতুটি ভেঙে পড়ে। এরপর ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে মাগুরা সড়ক ও জনপথ বিভাগ নতুন বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু করে। যার ওপর দিয়ে যান চলাচল করছে কিন্তু ভেঙে পড়া ব্রিজটি অপসারণ না করায় সেটি পানিতে ডুবে নষ্ট হচ্ছে। মূল্যবান লোহার সামগ্রী পানি থেকে অপসারণ করলে কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ রক্ষা করা সম্ভব হবে বলে অভিজ্ঞমহল মনে করেন।

ইত্তেফাক/নূহু