শিরোপা দৌঁড়ে থাকতে বার্সার সঙ্গে জয় চায় রিয়াল

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৩
আগামী শনিবার মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর সেই ম্যাচকে সামনে রেখে মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস বলেছেন, লা লিগায় টিকে থাকতে হলে অন্য যেকোন সময়ের তুলনায় এবার বার্সার বিপক্ষে জয়টা অত্যন্ত জরুরি।
 
এই ম্যাচের আগে স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের তুলনায় লা লিগা টেবিলে কাতালান জায়ান্টরা ১১ পয়েন্টে এগিয়ে থেকে মাঠে নামবে। সে কারণে কিছুটা হলেও আত্মবিশ্বাসী মনোভাব বার্সার খেলোয়াড়দের মধ্যে থাকবে। বার্সার তুলনায় এক ম্যাচ কম খেললেও রামোস খুব ভালভাবেই বার্সেলোনার বিপক্ষে পরাজয়ের পরিণতিটা বুঝতে পারছেন।
 
রিয়াল অধিনায়ক বলেছেন, এটা একটি দারুণ ম্যাচ হতে যাচ্ছে। এল ক্লাসিকো সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এটা সম্পূর্ণই ভিন্ন। এই পরিস্থিতিতে অন্য যেকোন সময়ের তুলনায় এবারের জয়টা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আর একমাত্র এর মাধ্যমেই আমরা লা লিগায় টিকে থাকতে পারবো। ক্লাব বিশ্বকাপে শিরোপা জয়ের পরে আমরা দারুণ ফর্মে আছি। আর এটা দলকে মানসিকভাবেও চাঙ্গা করে তুলেছে। এই সপ্তাহে আমরা বেশ কঠোর পরিশ্রম করেছি। আমরা ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছি। আশা করছি ঘরের মাঠে তিন পয়েন্ট নিয়েই আমরা টিকে থাকবো।
 
ইত্তেফাক/কেআই