ই-ফাইলিংয়ে শ্রেষ্ঠত্বের সম্মাননা পেল ডাইফ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৭:০৫
 
নথি পত্রাদির ইলেক্ট্রনিক ব্যবস্থাপনা (ই-ফাইলিং)-এ তৃতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে (ডাইফ) সম্মাননা প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। 
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)-প্রকল্পের আওতায় প্রতি সপ্তাহে ঘোষিত র‌্যাংকিং-এ ১৮০টি সরকারি দপ্তর ও সংস্থার মধ্যে একমাসে তিনবার এই সাফল্য অর্জন করেছে ডাইফ। 
 
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. সামছুজ্জামান ভূইয়া বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ তথা রূপকল্প ২০২১ বাস্তবায়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের মধ্যে ই-নথির ব্যবহার অন্যতম। এ পদ্ধতিতে সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করা হচ্ছে এবং কম সময়ে এবং কম খরচে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে জনগণকে সেবা দেয়া যাচ্ছে।’
 
উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারিতে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের দাপ্তরিক কাজে ই-ফাইলিং চালু করা হয় এবং অক্টোবর হতে শতভাগ কার্যক্রম ই-ফাইলিং এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ফলশ্রুতিতে ১২ এবং ২৬ নভেম্বর এবং ১০ ডিসেম্বর ঘোষিত র‌্যাংকিং-এ শীর্ষস্থান অর্জন করেছে ডাইফ।
 
ইত্তেফাক/ইউবি