স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, চিকিত্সা শিক্ষার মান বজায় রাখতে সরকার কঠোর অবস্থান অব্যাহত রাখবে। গতকাল বুধবার সচিবালয়ে বেসরকারি মেডিক্যাল কলেজে আসন বৃদ্ধি সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে একথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, সরকার গত কয়েক বছর যাবত্ মানহীন মেডিক্যাল কলেজগুলোর মান উন্নয়নে বিশেষ নজর দিয়েছে এবং বারবার তাদেরকে কলেজ পরিচালনার নীতিমালা মেনে চলতে সতর্ক করে দিচ্ছে। যারা মানোন্নয়নে ব্যর্থ হচ্ছে তাদের নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ করাসহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে যা এ বছরও দেশবাসী দেখেছে। তিনি বলেন, মেডিক্যাল শিক্ষা নিয়ে যারা কাজ করছেন তাদের মনে রাখতে হবে এটা কোনো শিল্প প্রতিষ্ঠান নয়। এটা শিক্ষা কার্যক্রম। মেডিক্যাল কলেজ থেকে যেন সুচিকিত্সক বের হতে পারে সে লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করতে হবে এবং সরকারও এ বিষয়ে সর্বোচ্চ সজাগ রয়েছে।
আগামী বছরের জন্য কলেজগুলোতে আসন বৃদ্ধির বিবেচনার জন্য শীঘ্রই মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ পরিদর্শন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। কলেজ পরিদর্শনের পর আসন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
ইত্তেফাক/নূহু
