সখীপুরে ২ কলেজছাত্রী পেটানোর ঘটনায় গ্রেফতার ৫

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১০:৩৩
 
টাঙ্গাইলের সখীপুরে দুই কলেজছাত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় পৌর শহরের আবাসিক মহিলা কলেজ সড়কের রফিকরাজু ক্যাডেট স্কুলের সামনে ওই পেটানোর ঘটনা ঘটে।
 
আহতরা হলেন, সখীপুর আবাসিক মহিলা কলেজের হিসাববিজ্ঞানের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের তাসলিমা সুলতানা স্বর্ণা। তিনি ভালুকা উপজেলার পাঁচগাঁও গ্রামের আবদুল হালিমের মেয়ে। অপরজন হলেন, বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের সুস্মিতা। তার বাড়ি একই উপজেলার ডাকাতিয়া গ্রামে। তাদেরকে পেটানোর ঘটনায় ওই কলেজের অধ্যক্ষ রেনুবর রহমানের করা মামলায় বুধবার রাতেই পাঁচ যুবককে গ্রেফতার করে পুলিশ।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সখীপুর আবাসিক মহিলা কলেজের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ছাত্রী নিবাস থেকে অটোভ্যানযোগে সখীপুরে বাজারে আসার পথে রফিকরাজু ক্যাডেট স্কুলের সামনে পৌঁছুলে মুখোশপরা তিন বখাটে তাদের গতিরোধ করে।পরে ভ্যান থেকে তাদের জোরপূর্বক নামিয়ে রড দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে ওই দুই ছাত্রী মাটিতে লুটিয়ে পড়লেও বখাটেরা তাদের পেটাতে ও লাথি মারে। তাদের চিৎকারে স্থানীয় ফাহাদ ট্রেডার্সের মালিক আলী হোসেন তালুকদার এগিয়ে গেলে বখাটেরা তাকেও মারপিট করে। এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়।
 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, 'হামলার ঘটনায় জড়িত পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের হজরত আলীর ছেলে ও লোকাল বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ার হোসেন অন্তর, ১ নম্বর ওয়ার্ডের লিয়াকত আলীর ছেলে সাকিব আল হাসান, ৪ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে সিয়াম হোসেন এবং ১ নম্বর ওয়ার্ডের সোহেলের ছেলে কাব্য, উপজেলার আড়াইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান আগুন।'
 
ইত্তেফাক/জামান