ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, তাদের পক্ষে চলতি মৌসুমের চারটি শিরোপা জয় সম্ভব হবে না। গত মঙ্গলবার রাতে লেস্টার সিটিকে টাইব্রেকারে হারিয়ে ইংল্যান্ডের লিগ কাপের সেমিফাইনালে ওঠার পরই এ সম্ভাবনার কথা নাকচ করে দেন স্প্যানিশ এ কোচ।
সিটি লিগ কাপ ছাড়াও এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের চেষ্টায় আছে। প্রিমিয়ার লিগে তো দৃশ্যত তারা অন্যদের ধরা-ছোঁয়ার বাইরে।
তারপরও এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘সেসব ভুলে যান। সেটা বাস্তব নয়। তেমনটা ঘটতে যাচ্ছে না, না।’
আর্সেনালও এই রাতে ওয়েস্ট হ্যামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলব্যাকের গোলে জয়টি পায় তারা। অপরদিকে লেস্টারের মাঠে কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ ব্যবধানে শেষ হলে পেনাল্টি শুট-আউটে ৪-৩ গোলে জয়ী হয় সিটি।
ইত্তেফাক/এমআর
