রেকর্ডের কথা ভাবছেন না স্টেইন

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৭:২৭
রেকর্ডের কথা ভাবছেন না দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। ইনজুরির কারণে দীর্ঘ সময় পর ক্রিকেটে ফিরেই সাফল্য পাওয়া স্টেইন বলেন, দক্ষিণ আফ্রিকার সর্বকালের সর্বোচ্চ উইকেটের মালিক হওয়া প্রসঙ্গে তিনি কোন কথা বলতে চান না।
 
বোল্যান্ড পার্কে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশের হয়ে দিবা-রাত্রির তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন কোন কোন উইকেট পাননি তিনি। তবে আগামী মঙ্গলবার পোর্ট এলিজাবেথে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া দিবা-রাত্রির ম্যাচের আগে নিজের ছন্দে খুশি স্টেইন। প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যে চার দিনের টেস্ট অনুষ্ঠিত হবে। 
 
বর্তমানে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বকালের সর্বোচ্চ শিকারী শন পোলকের ৪২১ উইকেট সংখ্যা ৪২১। পক্ষান্তরে ৩৪ বছর বয়সী স্টেইনের উইকেট সংখ্যা ৪১৭। পোলককে ছাড়িয়ে শীর্ষ স্থান দখল করতে আর মাত্র ৫ উইকেট দরকার স্টেইনের। তবে ২০১৬ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়ে দীর্ঘ দিন খেলার বাইরে আছেন এক সময় বিশ্ব সেরা এ পেসার। এক বছরের মধ্যে এটা ছিল তার বড় ধরনের তৃতীয় ইনজুরি। দক্ষিণ আফ্রিকার সর্বশেষ ২৫ টেস্টের মধ্যে স্টেইন খেলেছেন মাত্র ৪টি।
 
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ চলাকালে স্টেইন বলেন তিনি পুরোপুরি ফিট এবং কোন ব্যথা অনুভব করছেন না। গতকাল তিনি পুরো গতিতে বোলিং করার চেষ্টা করেননি। বরং জিম্বাবুয়ের বিপক্ষে সেরা একাদশে জায়গা পেতে তিনি নিজের ছন্দ পাওয়ার প্রতি বেশি নজর দিয়েছেন।
 
তিনি বলেন, ‘আমি এখনো দলের সবচেয়ে তরুণ খেলোয়াড়টির চেয়ে বেশি ফিট। একটি বছর যাবত আমি ফিট থাকার চেষ্টা করেছি এবং কোন অবস্থায় আছি সেটা দেখতে চেয়েছি। যত দিন ভাল অবস্থায় থাকবো কিংবা আমার চেয়ে ভাল কেউ না আসা পর্যন্ত আমি খেলা চালিয়ে যাব।’
 
তিনি আরো বলেন, ‘কেউ রেকর্ডের কথা বললেই আমি ইনজুরিতে পড়ি। রেকর্ড নিয়ে আমি ভাবছিনা। আমাকে খেলতে দিন, দেখা যাক কি হয়।’ এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির