ইসি সুষ্ঠু নির্বাচন করতে পারেনি : রিজভী

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৮:২৭
 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজ্ঞাবহ ইলেকশন কমিশনের ব্যর্থতার কারণে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করতে পারেনি। নির্বাচন শুরুর পর থেকে শেষ পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীদের দৌরাত্ম ও কেন্দ্র দখলে সেটিরই বাস্তবতা ফুটে উঠেছে।
 
বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 
 
রিজভী বলেন, মহাজোট সরকারের মন্ত্রী, মহাজোট সরকারের মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ সাহেব আজ সারাদিন নির্বাচনী এলাকায় অবস্থান করে প্রভাব বিস্তার করলেও নির্বাচন কমিশন চোখ বন্ধ করে রেখেছে। যেহেতু ভোটার উপস্থিতি কম তাই এখন দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তাদের সহায়তায় সরকারের লোকেরা কারচুপির মাধ্যমে ব্যালট পেপারে সিল মেরে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার আয়োজন করছে কী না সেটি বৃহৎ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। 
 
তিনি বলেন, আমাদের জানা মতে রংপুর সিটি নির্বাচনে ভোটারদের উপস্থিতি অত্যন্ত কম। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই আপনাদের কাছে বলেছি-সরকার নানাভাবে সিটি কর্পোরেশনের ভোটারদের মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করছে। তারই প্রতিফলন ঘটলো আজকের সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের টার্ন আউটের মধ্য দিয়ে। ভোটারদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ার কারণেই ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির হার একেবারেই কম।
 
ইত্তেফাক/ইউবি