এবার এবি ব্যাংকের চেয়ারম্যান পদে পরিবর্তন এসেছে। ব্যাংকটির নতুন চেয়ারম্যান হয়েছেন একই ব্যাংকের সাবেক কর্মকর্তা এম এ আওয়াল। তিনি ২০০৮ সাল থেকে ব্যাংকটির পরিচালক পদে আছেন। ব্যাংকটির চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ পরিচালনা পর্ষদের তিন সদস্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাদের পদত্যাগপত্র অনুমোদিত হয়।
পদত্যাগকারী অন্য দুই সদস্য হলেন ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও ফাহিমুল হক। তাদের স্থলে নতুন তিনজন পরিচালক নির্বাচিত হয়েছেন। নতুন তিন পরিচালক হলেন- মোশতাক আহমেদ চৌধুরী, নাজির আহমেদ ও শেখ শিরীন। নাজির আহমেদ হলেন- পদত্যাগকারী ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদের ছেলে। শেখ শিরীন ও মোশতাক আহমেদ হলেন- এম মোরশেদ খানের প্রতিনিধি।
এজিএমে বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার ছেলে ফয়সাল মোরশেদ খানসহ উদ্যোক্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। এম মোরশেদ খান এ বিষয়ে বলেন, মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনজনকে ব্যাংকের পরিচালক পদ ছাড়তে হয়েছে। এম এ আওয়ালকে নতুন চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি
