দুই শিশু এখন ‘ট্রেন রক্ষার বীর সৈনিক’

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ২১:২১
 
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ঝিনা গ্রামের দুই ছোট্ট শিশু শিহাব ইসলাম শিহাব ও লিটন আলী এখন ‘ট্রেন রক্ষার বীর সৈনিক’। দুর্ঘটনার কবল থেকে তেলবাহী ৩২টি বগির একটি ট্রেন রক্ষা করায় তাদের এই উপাধি দিয়েছে রেলপথ বিভাগ।
 
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ দুই শিশুকে রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম দুই শিশুকে দেওয়া রেলপথ বিভাগের এই উপাধির কথা প্রকাশ করেন। এ সময় শিহাব ও লিটনের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের সংবর্ধনা জানানো হয়। তাদের বাবা-মায়ের হাতে রেলমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ৫০ হাজার করে ১ লাখ টাকা। এছাড়া পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিক লীগের পক্ষ থেকেও দেওয়া হয় কিছু টাকা।
 
এর আগে বিশেষ অতিথি হিসেবে এ দুই শিশু সেখানে গেলে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম রেলের মহাব্যবস্থাপক খায়রুল আলম। অতিরিক্ত মহাব্যবস্থাপক সাবাহ উদ্দিন আহম্মেদ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দিতে গিয়ে ট্রেন রক্ষাকারী দুই শিশুর প্রশংসায় পঞ্চমুখ হন।
 
অনুষ্ঠানে শিহাব ও লিটনও বক্তব্য দেয়। তারা বলে, রেললাইনের পাশে খেলতে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত লাইন দেখতে পায়। এরপরই তারা বাড়ি থেকে লাল মাফলার নিয়ে রেললাইনের ওপর টেনে ধরে ট্রেনটি থামিয়ে দেয়। পরে ট্রেন চালক নেমে গিয়ে তাদের সালাম দেন।
 
বক্তব্য দেন দুই শিশুর বাবা-মায়েরাও। তারা বলেন, তাদের ছোট ছোট এই সন্তানেরা ট্রেন থামিয়ে এমন বুদ্ধিমত্তার পরিচয় দেবে, তা তারা ভাবতেও পারেননি। এখন তারা তাদের সন্তানদের নিয়ে গর্বিত। তারা চান, প্রতিটি ঘরে ঘরেই এমন সচেতন শিশুর জন্ম হোক। কাজ করুক দেশের জন্য।
 
ইত্তেফাক/আরকেজি