শুক্রবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে মানুষের ঢল নেমেছে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৬ শতাধিক যান। শুক্র ও শনিবার সরকারি ছুটি এবং সোমবার বড় দিনের ছুটি থাকায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে। এতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি রুটের শিমুলিয়ায় যানজট সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ জানান, চারটি রোরো ফেরিসহ এখন ১৫টি ফেরি যানবাহন পারাপার করছে। তবে যানবাহনের চাপ বেশি থাকায় ঘাটে অপেক্ষরত যানবাহনের চাপ বাড়ছে। এমনিতেই শুক্রবার ঘাটে চাপ থাকে বেশি। তার উপর টানা চারদিনের ছুটি এই ঘাটে জনতার উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে। সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।
মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ সরোজিৎ কুমার ঘোষ জানান, ঘাটে যাত্রী নিরাপত্তায় পুলিশ কাজ করছে। কোন রকম বিশৃঙ্খলা যাতে না হয় সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। গাড়ির চাপ বেশি থাকায় সত্ত্বেও পরিকল্পিতভাবে যানবাহনগুলো পার্কিং এবং ছোট যানকে প্রাধান্য ও ট্রাকগুলো অপেক্ষাকৃত দূরবর্তী স্থানে পার্কিং করার কারণে মানুষ নির্বিঘ্নে পারাপার হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
