অস্বাভাবিক সরকার যেন না আসে, সতর্ক থাকতে হবে: ইনু

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৪:১৩
 
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে যেন আর কোনদিন সামরিক সরকার, অস্বাভাবিক সরকার, রাজাকারের সরকার ক্ষমতায় আসতে না পারে এ জন্য গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি-মহল-ব্যাক্তিকে সতর্ক থাকতে হবে। 
 
ছাত্র-শ্রমিক সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শহীদ শাজাহান সিরাজের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। 
 
এর আগে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এবং সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় যুব জোট, জাতীয় শ্রমিক জোট, জাতীয় নারী জোটের নেতৃবৃন্দ শহীদ শাজাহান সিরাজের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ শাজাহান সিরাজের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘শ্রমিক-গরীবের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সমাজতন্ত্রকে সংবিধানের পাতা থেকে জীবনের পাতায় প্রতিফলনের জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে’।
 
ইত্তেফাক/এএম।