রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগে শুক্রবার সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করার মাধ্যমে কর্মসূচির শুরু হয়।
র্যালিটি বিভাগের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় সাবেক শিক্ষার্থীদের পরিচিতি পর্ব।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল জলিল, বর্তমান সভাপতি অধ্যাপক ড. মো. আখতার হোসেন, সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন, ড. মো. রওশন জাহিদ, ড. উদয় শংকর বিশ্বাস, ফারজানা রহমান ও বিভাগের সাবেক শিক্ষার্থী।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির সাথে বাড়তি যুক্ত ছিল সাবেক শিক্ষার্থীর উদ্যোগে তৈরি লোক আখড়া। পরিচিতি পর্ব শেষে শিক্ষার্থীদের নিয়ে একটি লোকক্রীড়ার আয়োজন করা হয়।
তারপর বিকাল সাড়ে ৩টার দিকে আয়োজন করা হয় বাউল সংগীতের পর্ব। বাউল সংগীতের পর শুরু হয় প্রধান অতিথি এবং সভাপতির শুভেচ্ছা বক্তব্য। সব শেষে রাফেল ড্র, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মিলনমেলার সমাপ্তি ঘটে।
ইত্তেফাক/এমএ
