বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজের ভালো চাইলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ বের করতে আলোচনায় বসবে। আগামী নির্বাচন করতে হলে বিএনপির সঙ্গে সমঝোতায় আসতেই হবে। যে সংকট তৈরি হয়েছে তা সমাধান আওয়ামী লীগকেই করতে হবে। একটি নিরপেক্ষ নির্বাচন ছাড়া এই সংকট সমাধান হবে না। আমরা রাজপথে আছি রাজপথে থাকবো। পৃথিবীর কোথাও কেউ অন্যায় ক্ষমতা স্বেচ্ছায় ছেড়ে দেয় না। আন্দোলনের মাধ্যমে প্রয়োজনে এই সরকারকে বাধ্য করা হবে। আমরা শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতার পালাবদল চাই। এই সত্যকে আজকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। প্রয়োজনে লক্ষ লক্ষ মানুষকে ঢাকার রাজপথে নেমে আসতে হবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী নাগরিক দল এর আয়োজন করে। শাহজাদা সৈয়দ ওমর ফারুক পীর সাহেবের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাবেক এমপি আব্দুল গফুর ভূইয়া, আতাউর রহমান খান আঙ্গুর, জাসাসের সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ।
আবদুল মঈন খান বলেন, সকল রাজনৈতিক দল যাতে সমান সুযোগ সুবিধা পায় এমন নির্বাচন আমরা চাই। আওয়ামী লীগের পেছনে যেন প্রশাসন, জেলা প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন সাপোর্ট না দেয় এমন নির্বাচন আমরা চাই। আসুন আমরা সমানে সমানে রাজনৈতিক খেলা বাংলাদেশে খেলবো। কারও সাহায্য সহযোগিতা নিয়ে নয়। আমাদের শক্তি হচ্ছে জনগণের শক্তি।
তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যদি নিজেদের মঙ্গল চায় তাহলে তাদের জন্য একটি মাত্র পথ খোলা আছে। সেটি হলো বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা।
ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ যে মিথ্যাচারের ইতিহাস লিখছে তা টিকবে না। মানুষ জানে কোনটি সত্য। সত্য কখনো আড়াল করা যায় না। আগামী নির্বাচন করতে হলে বিএনপির সাথে সমঝোতায় আসতেই হবে। যে সংকট তৈরি হয়েছে তা সমাধান আওয়ামী লীগকেই করতে হবে। একটি নিরপেক্ষ নির্বাচন ছাড়া এই সংকট সমাধান হবে না।
মঈন খান বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যদি নিজেদের মঙ্গল চায় তাহলে তাদের জন্য একটিমাত্র পথ খোলা আছে, সেটি হল বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা।
ইত্তেফাক/এমআই
