মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে বক্সিং-ডে টেস্টে অস্ট্রেলিয়া উইকেটরক্ষক টিম পাইন এবং পেস তারকা মিচেল স্টার্কের খেলা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। পায়ে আঘাত পেয়েছেন স্টার্ক। তবে আগামী ম্যাচে অংশ নেয়ার আশা এখনো ছাড়েননি তিনি। দলে জায়গা পাওয়া নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা আমার পছন্দের বিষয় নয়।’
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, চলতি অ্যাশেজে এ পর্যন্ত সর্বোচ্চ ১৯ উইকেট শিকারি স্টার্ক চতুর্থ টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে পারেন। স্টার্ক পুরোপুরি ফিট হয়ে না উঠলে স্বাভাবিকভাবেই তার পরিবর্তে সেরা একাদশে সুযোগ পেতে পারেন আরেক পেসার জ্যাকসন বার্ড। সফরকারি ইংল্যান্ডের বিপক্ষে ইতোমধ্যেই অ্যাশেজ সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাই এমতাবস্থায় তাকে নিয়ে কোন প্রকার ঝুঁকি নিতে চায় না অসিরা। কারণ অ্যাশেজ সিরিজের পরই রয়েছে অস্ট্রেলিয়া দলের দক্ষিণ আফ্রিকা সফর। প্রোটিয়া সফরে পুরোপুরি ফিট স্টার্ককে চায় নির্বাচকরা।
এছাড়া চার বছর আগে নিজ মাঠে সফল অ্যাশেজ সিরিজে অভিষেক হওয়া পেসার রায়ান হ্যারিসের কথাও ভাবা হচ্ছে। অবশ্য হ্যারিসের ক্যারিয়ারেও রয়েছে ইনজুরি সমস্যা। তবে কিভাবে ব্যথা নিয়ে খেলতে হয় সেটা জানেন তিনি। স্থানীয় একটি রেডিওকে হ্যারিস বলেন, ‘এমন সমস্যা আমার ছিল। এটা খুবই বেদনাদায়ক। আপনি কখনো এটা লুকোতে পারবেন না। অনেক কিছুই আপনি পরিবর্তন করতে পারবেন না। তবে আপনাকে চেষ্টা করে যেতে হবে।’
স্টার্কের পর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাইনের অংশগ্রহণও নিশ্চিত নয় বলে আজ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে। চলতি সিরিজে ব্যাট হাতে গড়ে ৪৩.৩৩ রান এবং ১৫টি ক্যাচও স্টাম্পিং করা পাইন ব্যক্তিগত কারণে দলের সঙ্গে মেলবোর্ন সফরে যাননি। দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, শ্বশুর স্ট্রোক করায় দলের সঙ্গে মেলবোর্ন না গিয়ে তাসমানিয়ায় নিজের বাড়িতে রয়েছেন পাইন।
এমসিজি টেস্টে পাইনকে পাওয়া না গেলে নির্বাচকদের বেশ কয়েকটি বিকল্প নিয়ে ভাবতে হবে। দল থেকে বাদপড়া ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব উইকেটরক্ষক হিসেবে খেলতে পারেন। এছাড়া ঘরোয়া শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া হয়ে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেছেন ক্যামেরন বেনক্রফট।
ইত্তেফাক/কেআই
