এবার মুম্বাইয়ে বিরাট-আনুশকা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ০৯:৫৯
দিল্লিতে বিবাহোত্তর অনুষ্ঠানের পর এবার মুম্বইয়ের দিকে রওনা দিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে তাঁদের অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন থেকে মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মারা। তাই তাঁদের আপ্যায়নে কমতি না রাখতে অনুষ্ঠানের চার দিন আগেই মুম্বাইয়ে পৌঁছলেন এই জনপ্রিয় নবদম্পতি। তাঁদের সঙ্গে দেখা গিয়েছে আনুশকার মা, বাবা এবং দাদাকেও।
 
ইতালির টাস্কানিতে বিয়ের পরেই তারা ঘোষণা করেছিলেন, দিল্লি ও মুম্বাইয়ে আলাদাভাবে দুটি অনুষ্ঠান করবেন। বৃহস্পতিবারই দিল্লিতে অনুষ্ঠান হয়ে গিয়েছে। শিখর ধাওয়ানের সঙ্গে বিরাটের নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে। ছিলেন সুরেশ রায়নাও। মুম্বাইয়ে অনুষ্ঠান ২৬ ডিসেম্বর। পরের দিনই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে ভারতীয় দল।
 
ইত্তেফাক/কেআই