দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত আর্সেনালের সঙ্গে ৩-৩ গোলের ড্র নিয়েই মাঠ ছেড়েছে লিভারপুল। এর ফলে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে উভয় দলই মূল্যবান এক পয়েন্ট করে সংগ্রহ করেছে। এমিরেটস স্টেডিয়ামে ফিলিপ কুটিনহোর গোলে এগিয়ে যাওয়া লিভারপুলকে বিরতির পরপরই দ্বিতীয় গোল উপহার দেন মোহাম্মদ সালাহ।
কিন্তু মাত্র পাঁচ মিনিটের মধ্যে এ্যালেক্সিস সানচেজ, গ্রেইন্ট জাকা ও মেসুত ওজিলের গোলে নাটকীয়ভাবে এগিয়ে যায় আর্সেনাল। তবে তখনো ম্যাচের শেষ দৃশ্য বাকি ছিল। ৭১ মিনিটে ফারমিনহোর গোলে সফরকারী লিভারপুল সমতা ফেরালে জয়বঞ্চিত হয় স্বাগতিকরা।
এই ড্রয়ের ফলে চতুর্থ স্থানে থাকা লিভারপুর পঞ্চম স্থানে থাকা আর্সেনালের থেকে এক পয়েন্ট এগিয়েই থাকলো। তবে বড়দিনের বিরতির আগে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে কোন দলই পয়েন্টের ব্যবধান কমাতে পারেনি। শেষ ১০টি লিগ ম্যাচে লিভারপুল অপরাজিত রয়েছে।
ইত্তেফাক/কেআই
