অগ্নিকাণ্ড সম্পর্কে জনগণকে আরো বেশি সচেতন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
আজ শনিবার রাজধানীর উত্তরার মাসকাট প্লাজায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (দি লাইফ সেভিং ফোর্স) উত্তরা দমকল বাহিনীর উদ্যোগে অগ্নিনির্বাপক, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
চুমকি বলেন, ‘দি লাইফ সেভিং ফোর্স’ একটি বড় চ্যালেঞ্জিং পেশা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মানুষকে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে সেবা করে। সবাই এ কাজটি করতে পারেন না।
তিনি বলেন, কোথাও আগুন লাগলে আতংকিত হবার কিছু নেই। সকলকে সচেতন করতে হবে। এক্ষেত্রে কর্মীদেরকে নিষ্ঠার সঙ্গে কাজ করারও পরামর্শ দেন তিনি।
উত্তরা মাসকাট প্লাজা চিফ সিকিউরিটি কর্মকর্তা মোমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান ও উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র সহকারী পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, আগুন লাগা সম্পর্কে জনগনকে আরো বেশি করে সচেতন করতে হবে। তাহলে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করা সহজ হবে।
ইত্তেফাক/কেকে
