গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় সদ্য সমাপ্ত জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আটক তিন যুবক।
শনিবার রাতে গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই তিন যুবকের জবানবন্দি রেকর্ড করেন আদালতের বিচারক রমেশ কুমার দাগা।
আদালতে জবানবন্দি প্রদানকারী ওই যুবক হলো, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক দুদু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২২), নলডাঙ্গা ইউনিয়নের কিশামত হামিদ গ্রামের মাহফুজার রহমানের ছেলে বাবু মিয়া (২১) ও একই ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২২)।
শনিবার রাত ১০টার দিকে সাদুল্লাপুর থানার ওসি বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক হয় ওই তিন যুবক। পরে তার চাচা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শনিবার সকালে থানায় মামলা দায়ের করেন।
শনিবার বিকালে ওই তিন যুবককে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গাইবান্ধা আদালতে পাঠানো হয়। এরপর আদালতে তারা দলবেঁধে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বর্তমানে তারা তিনজনেই গাইবান্ধা জেলা কারাগারে রয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনার সাথে জড়িত অপর দুই আসামিকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত আছে।
ইত্তেফাক/নূহু
