জামালপুরে মেলান্দহের বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন তার বীর খেতাব এবং মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বর্জনের রেশ কাটতে না কাটতেই মাদারগঞ্জ উপজেলার আরো এক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ তার বীর খেতাব ও রাষ্ট্রীয় মর্যাদা বর্জন করার স্মারকলিপি প্রেরণ করেছেন।
তিনি গত ২০ ডিসেম্বর/১৭ প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক ও মাদারগঞ্জ ইউএনও’র বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ জানিয়েছেন, বর্তমানে এক শ্রেণির ভুয়া মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান, মর্যাদ, ভাতা, মুক্তিযোদ্ধার সন্তান-নাতি-পুতি কোটার ফায়দা লুটে যাচ্ছেন। শুধু তাই নয়, মৃত্যুর পরেও ভুয়া মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় মর্যাদার ভাগিদার হচ্ছেন। এতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মান ক্ষুণ্নসহ, মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হচ্ছে, এমনকি বীর শহীদদের আত্মার প্রতি অসম্মান প্রদর্শনসহ, রাষ্ট্রের বিশাল অঙ্কের অর্থ লুটপাট করা হচ্ছে। তাই তিনি ক্ষোভে এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো জানান, ২০১৬ সালের জুলাই মাসে ভুয়া মুক্তিযোদ্ধা বাতিলের জন্য প্রতিবাদ করে ইউএনও, ডিসির বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এতেও ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল করা হয়নি বরং প্রকৃত মুক্তিযোদ্ধারা অর্থের বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের সাক্ষ্য দিয়ে মুক্তিযোদ্ধা বানিয়ে যাচ্ছেন। আবার অনেকেই আহত না হয়েও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা গ্রহণ করছেন। তাই যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর ডাকে, দেশ-মাতৃকার টানে। দেশ স্বাধীন হয়েছে তাই এই চেতনা নিয়েই বাকি জীবন কাটাতে চাই বলে তিনি জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু
