ফারমার্স ব্যাংক বন্ধ করে দেওয়া উচিত: বিআইবিএম মহাপরিচালক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ০৯:১১
 
বেসরকারি খাতের ফারমার্স ব্যাংক বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী। তিনি বলেছেন, ব্যাংক ও আর্থিক খাতের অনিয়ম কমিয়ে আনতে ফারমার্স ব্যাংক বন্ধ করে দেওয়া হলে উদাহরণ হয়ে থাকবে।
 
গতকাল শনিবার রাজধানীর ডিপ্লোমা প্রকৌশলী ইনস্টিটিউটে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০তম দ্বি-বার্ষিক সম্মেলনের এক কর্ম-অধিবেশনে তিনি এ কথা বলেন। ‘অর্থনীতি ও নৈতিকতা : অর্থ ও অর্থায়ন’ শীর্ষক এই কর্ম-অধিবেশনে উপস্থাপন করা হয় ১০টি প্রবন্ধ। এখানে সভাপতি ছিলেন বিআইবিএম মহাপরিচালক।
 
তিনি বলেন, বাংলাদেশে একবার কেউ ব্যাংকের লাইসেন্স পেলে তা বাঁচিয়ে রাখার দায়িত্ব সরকারের; কিন্তু ফারমার্স ব্যাংকে যা হয়েছে, তাতে এই ব্যাংকের অবশ্যই মরে যাওয়া উচিত। তিনি আরো বলেন, ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী হওয়ার কোনো বিকল্প নেই। কারণ যত কিছুই করা হোক, শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক ছাড়া আর্থিক খাত নিয়ন্ত্রণ করা অসম্ভব।
 
প্রসঙ্গত, ২০১২ সালে অনুমোদন পায় ফারমার্স ব্যাংক। ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর পর বছর না ঘুরতেই ঋণের অনিয়মে জড়িয়ে পড়ে এ ব্যাংক। 
 
ইত্তেফাক/আনিসুর