‘নিরপেক্ষ সাংবাদিকতার জন্য প্রতিদিন-প্রতিক্ষণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি’

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৬:০৬
দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে আলোচনায় অংশ নিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক মানিক মিয়াপুত্র বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘অবজেক্টিভ জার্নালিজম বলতে যেটা বোঝায়, নিরপেক্ষ সাংবাদিকতা বলতে যেটা বোঝায় সেটা প্রায় দুরূহ; সেরকম একটা সাংবাদিকতা গড়ে তোলার জন্য আমরা অহরহ, প্রতিদিন, প্রতিক্ষণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
 
আজ রবিবার রাজধানীর কাওরান বাজারে দৈনিক ইত্তেফাককে শুভেচ্ছা জানাতে আসেন ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ নানান শ্রেণিপেশার মানুষ। সেখানে এক বক্তব্যে তিনি আরো বলেন, ইত্তেফাকের জন্ম একটি দলীয় পত্রিকার হিসেবে। সেই সূত্রে ইত্তেফাক ও আওয়ামী লীগ এক ও অভিন্ন। এটা কোনোদিন বিচ্ছিন্ন করা যাবেনা।
IMG0
তিনি বলেন, ইত্তেফাকের একটি বৈশিষ্ট্য হলো এখানকার ম্যানেজমেন্ট, ইউনিয়নের সাথে মিলে কাজ করে। মানিক মিয়া সাহেবের আমল থেকে অদ্যাবধি ইউনিয়নকে আমরা প্রতিপক্ষ মনে করিনি। এখনো করিনা, ভবিষ্যতেও করবোনা। অনেক আপদ-বিপদের মধ্যদিয়ে ইত্তেফাক এসেছে এবং চলছে, তারমধ্যেও আমরা মাথা উঁচু করে থাকি।
 
মানিক মিয়াপুত্র আরো বলেন, কারো কাছ থেকে কোনো সুযোগ-সুবিধা নিয়ে আমরা ইত্তেফাক চালাই না। এমনকি কোনো পত্রিকা বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ব্ল্যাকমেইল করে, আমরা সেটাও করিনা।
 
আমাদের সমাজে নিরপেক্ষ সাংবাদিকতা অর্জন প্রায় দুরূহ উল্লেখ করে তিনি বলেন, আমরা এখানে একে অপরের সঙ্গে নানাভাবে সম্পৃক্ত। এরমধ্যে নিরপেক্ষ সাংবাদিকতা অত্যন্ত দুরূহ। কিন্তু ইত্তেফাক তার সেই প্রচেষ্টা অব্যাহত রেখে চলেছে।
IMG1
তিনি বলেন, কোনো মতলববাজের জায়গা ইত্তেফাকে হয়নাই। আমি সরকারে অনেকদিন আছি। কিন্তু ইত্তেফাক সরকারের মুখপাত্র হয়নাই। দেশের স্বার্থে সংবাদ প্রচার করেছে।
 
ইত্তেফাকের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি আগেও উল্লেখ করেছি ইত্তেফাকের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের নাড়ির সম্পর্ক। যে সরকারে আমি আছি তাকে আমি প্রধানমন্ত্রী হিসেবে যতটুকু না দেখি; আমাদের পরিবারের সঙ্গে তার সম্পর্কটাকে বেশি গুরুত্বের সঙ্গে দেখি। 
 
 
ইত্তেফাক/এএম।