মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং-ডে টেস্টে খেলতে পারবেন না ইংল্যান্ডের পেসার ক্রেইগ ওভারটন। পাঁজরের হাড় ভেঙ্গে যাওয়ায় অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে তার না খেলার বিষয়টি আজ নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
চলতি অ্যাশেজের দ্বিতীয় ম্যাচে টেস্ট অভিষেক ঘটে ওভারটনের। নিজের প্রথম টেস্টে ৪ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪৮ রান করেন তিনি। তবে পার্থে সিরিজের তৃতীয় টেস্টে খুব বেশি ভালো করতে পারেননি ওভারটন। বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ১৪ রান করেন এই ডান-হাতি।
পার্থ টেস্টে নিজের বলে ক্যাচ নিতে গিয়েই ইনজুরিতে পড়েন ওভারটন। যে কারণে চতুর্থ টেস্ট খেলা হবে না তার। এজন্য হতাশ ওভারটন, ‘আমি খুবই হতাশ। ইনজুরির কারণে মেলবোর্নে খেলতে পারবো না। ব্যাটিং করার সময় বেশ ব্যথা অনুভব করছি। তবে আশা করছি পঞ্চম ম্যাচে খেলতে পারবো।’
ওভারটনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ডান-হাতি পেসার টম কারান। বক্সিং-ডে টেস্টে তার অভিষেকের সম্ভাবনা অনেক বেশি। ইতোমধ্যেই জাতীয় দলের হয়ে ১টি ওয়ানডে ও ৩টি টি-২০ ম্যাচ খেলেছেন ২২ বছর বয়সী কুরান। ওয়ানডেতেও ১ উইকেট নিলেও, টি-২০ ৬ উইকেট রয়েছে তার। সিরিজের প্রথম তিন ম্যাচ হেরে ইতোমধ্যে অ্যাশেজ হেরে বসে আছে ইংল্যান্ড। আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। বাসস।
ইত্তেফাক/সাব্বির
