‘কৃষি প্রযুক্তিকে টেকসই ও পরিবেশ বান্ধব করতে হবে’

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২১:৫৯
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বর্তমানে দেশে গবাদি পশুপালন ও মাংস উৎপাদনের হার পূর্বের তুলনায় কয়েকগুণ বেড়েছে। এই ধারা অব্যাহত রাখতে কৃষি গবেষকদের উদ্ভাবিত প্রযুক্তিগুলো টেকসই ও পরিবেশ বান্ধব হতে হবে এবং কৃষকদের কাছে উদ্ভাবিত প্রযুক্তি পৌঁছে দেয়ার ব্যাপারে মনোযোগ দিতে হবে।
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত রোমন্থক (গরু ও ভেড়া) প্রাণীর অর্থনৈতিক বৈশিষ্ট্য উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রজনন সহায়ক প্রযুক্তি বিষয়ে সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগে স্নাতকোত্তর গবেষণা জোরদারকরণ বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রবিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে হেকেপ প্রকল্পের অধীনে ওই সেমিনারের আয়োজন করা হয়।
 
কর্মশালায় সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক মো. আব্দুল কুদ্দুছ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. আইনুল হক।
 
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. প্রিয় মোহন দাস, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মনোরঞ্জন দাস। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মির্জা আবুল হাশিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. নাসরিন সুলতানা জুয়েনা।
 
ইত্তেফাক/কেআই