বেশি ছুটি পাচ্ছেন মেসি-সুয়ারেজ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১০:৫০
এল ক্লাসিকোতে জয়ের উপহার হিসেবে ক্রিসমাসে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং হাভিয়ের ম্যাশেরানোকে দুই দিনের বেশি ছুটি দিয়েছে বার্সেলোনা। গত শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা দৌড়ে অনেক এগিয়ে যায় বার্সেলোনা। বার্সার জয়টা আরো বেশি তাত্পর্যমণ্ডিত হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া হেরে যাওয়ায়। ১৭ খেলায় বার্সেলোনার পয়েন্ট ৪৫। সমান খেলায় অ্যাটলেটিকো পিছিয়ে আছে পরিষ্কার নয় পয়েন্টে। ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৩৪। শিরোপাধারী রিয়ালের পয়েন্ট ১৬ খেলায় ৩১।
 
বার্সেলোনার বিবৃতিতে বলা হয়, ‘বার্সেলোনার খেলোয়াড়রা এখন ক্রিসমাসের ছুটিতে। বার্নাব্যুতে রেফারির শেষ বাঁশি এবং রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারানো তাদের ছুটিকে আরো বেশি আনন্দময় করে তুলেছে। সবাই আবার ৩০ ডিসেম্বর অনুশীলনে ফিরবে। তবে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং হাভিয়ের ম্যাশেরানো নতুন বছরের ২ জানুয়ারি সতীর্থদের সঙ্গে যোগ দিবেন।’
 
শনিবার সুয়ারেজ গোল করে বার্সেলোনাকে প্রথমে এগিয়ে দেন। এরপর পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। যোগ হওয়া সময়ে তৃতীয় ও শেষ গোলটি করেন বদলি অ্যালেইক্স ভিদাল। যাতে পরোক্ষ ভূমিকা রাখেন মেসি। সবকটি গোলই হয় বিরতির পর। উপ-মহাদেশের দর্শকদের সুবিধার্থে বাংলাদেশ সময় সন্ধ্যায় অনুষ্ঠিত হয় খেলাটি। স্পেনের মুন্দো দেপোর্তিভোর মতে সারা দুনিয়ায় খেলাটি দেখে ৬৫ কোটি দর্শক। এছাড়াও মাঠে হাজির ছিলেন ৮০ হাজার ২৬৪ জন দর্শক। 
 
ইত্তেফাক/কেআই