সেন্ট জর্জ’স পার্কে আগামীকাল সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দিবারাত্রির একমাত্র টেস্ট খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্বল জিম্বাবুয়ে হয়তোবা তেমন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে না। তবে আগামী মাসে নিজ মাঠে শক্তিশালী ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজকে সামনে রেখে সেরা একাদশ বাছাই করতে চাইবে প্রোটিয়ারা। তাই পূর্ণ শক্তির দলই এই সফরের জন্য ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
দীর্ঘদিন দলের বাইরে থাকার পর টেস্ট ক্রিকেটে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইন। এছাড়া এক বছরের বেশি সময় পর প্রথমবারের মত ফিট রয়েছেন দক্ষিণ আফ্রিকার শীর্ষ ফাস্ট বোলাররা। কোচ ওটিস গিবসন সেরা একাদশ নির্বাচন ইস্যুকে ‘সুখকর দুঃস্বপ্ন’ (গুড নাইটমেয়ার) হিসেবে অভিহিত করেছেন। গিবসন বলেন, ‘এই মুহূর্তে ভারত বিশ্বের এক নম্বর দল এবং আমরা জানি তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে ও হারাতে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। যা আমাদের অনিবার্য লক্ষ্য।’
কাঁধে অস্ত্রোপচারের পর ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। সেক্ষেত্রে ব্যাটিং লাইন আপে বাভুমার সুযোগ পাওয়াটা কঠিন। অন্যদিকে চারজন বিশ্ব মানের ফাস্ট বোলার থাকায় ফেলুকুয়াওর মিডিয়াম পেস দলে প্রয়োজন না-ও হতে পারে। পার্ল-এ আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হওয়াটা জিম্বাবুয়ের জন্য বেশ হতাশার। তবে ফ্লাড লাইটের অধীনে গোলাপি বলে তারা কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে। দলটির জন্য সুখবর হচ্ছে বেশ কিছু অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় দলে ফেরায় সম্প্রতি তারা ভাল করতে শুরু করেছে।
দক্ষিণ আফ্রিকা: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডিন এলগার আইডেন মার্করাম, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক(উইকেটরক্ষক), তিউনিস ডি ব্রুইয়ান, আন্ডিল ফেলুকুয়াও, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, মরনে মরকেল, ডুয়ান ওলিভার।
জিম্বাবুয়ে: গ্রয়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মির, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, চামু চাবাবা, রায়ান বার্ল, পিটা মুর, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), কাইল জার্ভিস ক্রিসএমপোফু, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরাবানি, তেন্ডাই চিশোরো।
ইত্তেফাক/কেআই
