‘করনেটে আসা কোনো ভয়ের বিষয় নয়’-এ বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে চান বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
তিনি বলেন,‘কর প্রদান করা বা করনেটে আসা কোনো ভয়ের বিষয় নয়- ট্যাক্সকার্ড প্রাপ্তদের মাধ্যমে আমরা জনগণকে এ বার্তা ছড়িয়ে দিতে চাই। ট্যাক্সকার্ড প্রাপ্তরা হচ্ছেন দেশের শ্রেষ্ঠ নাগরিক। আপনারা যে কাজ করছেন এ কাজের জন্য রাজস্ব বিভাগ আপনাদের সম্মানের চোখে দেখবে। আপনাকে ব্যক্তি হিসেবে এবং আপনার প্রতিষ্ঠানকে সব সময় সম্মানিত করবে। আর কোনো ভীতির পরিবেশে আপনাদের থাকতে হবে না।’
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল-৫ এর কার্যালয়ে ‘২০১৭-১৮ করবর্ষে ট্যাক্স কার্ডপ্রাপ্ত করদাতাদের সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কর অঞ্চল-৫ এর পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন,‘দেশে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ে তোলার অংশ হিসেবে ট্যাক্সকার্ড প্রাপ্তদের সম্মাননা প্রদান করা হচ্ছে। রাজস্ব প্রদান করে আপনারা দেশের উন্নয়নে অবদান রাখছেন। এজন্য আমরা আপনাদের সম্মানিত করছি।’
ইত্তেফাক/কেকে
