সুন্দরবনে বাঘের প্রকৃত সংখ্যা নিরূপণে সমীক্ষা করার পরামর্শ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৪
 
পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সুন্দরবনে বাঘের প্রকৃত সংখ্যা নিরূপণ করে অস্পষ্টতা দূর করতে সমীক্ষা করতে বন বিভাগকে পরামর্শ দেয়া হয়েছে।
 
আজ মঙ্গলবার কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় পার্বত্য অঞ্চলসহ অন্যান্য বনাঞ্চলে কোন কোন প্রজাতির বাঘ রয়েছে তা সমীক্ষা করতেও পরামর্শ দেয়া হয়।
 
কমিটির সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, ইয়াসিন আলী এবং মেরিনা রহমান সভায় অংশগ্রহণ করেন।
 
সভায় বাস্তচ্যূত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কারণে প্রাকৃতিক বনাঞ্চল ও পাহাড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে মন্ত্রণালয়ের কার্যক্রম, বন্য আর্কিড সংরক্ষণ এবং সম্প্রসারণে বনবিভাগের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
সভায় রোহিঙ্গাদের বসতি স্থাপনে বনের ক্ষতিসহ পরিবেশ ও জীব বৈচিত্রের ক্ষতির পরিমান উল্লেখ করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করার পরামর্শ দেয়া হয়। সেই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ব্যবস্থা করারও পরামর্শ দেয়া হয়।
 
ইত্তেফাক/কেকে