‘‌পরিবহন নীতিমালা সংস্কার আবশ্যক’

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ২১:১৭
 
পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রী সাধারণের কল্যাণে বিদ্যমান পরিবহন নীতিমালা সংস্কার আবশ্যক বলে মনে করেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা।
 
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. মসিউর রহমান রাঙ্গা আজ মঙ্গলবার রমনা আইইবি মিলনায়তনে সমিতির বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এই মতামত তুলে ধরেন।
 
প্রতিমন্ত্রী বলেন, ২০ দলীয় জোট আন্দোলন সংগ্রামের নামে দেশব্যাপী পরিবহন খাতের ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্থ মালিক-শ্রমিকদের ক্ষয়-ক্ষতি পুরণে প্রায় ৪০ কোটি টাকা অনুদান প্রদান করেছেন। এর মাধ্যমে সরকার পরিবহন বান্ধব সরকার হিসেবে দেশে-বিদেশে সুপরিচিত পেয়েছে। 
 
অতীতে কোনো সরকারই পরিবহন খাতে এ ধরণের আর্থিক সহায়তা দেয়নি উল্লেখ করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বলেন, ইতোমধ্যে বর্তমান সরকার পরিবহন খাতকে শিল্প হিসেবে ঘোষণা করেছে।
 
অংশগ্রহণকারী মালিক সমিতির নেতৃবৃন্দ উত্থাপিত দাবি-দাওয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, গাড়ির রেজিষ্ট্রেশন, ট্যাক্স- টোকেন ফি কার্যক্রম বিকেন্দ্রীকরণ, সড়ক পথে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ, যানজট হ্রাস, প্রতিটি জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ, সড়ক দুর্ঘটনা রোধে আঞ্চলিক ও মহাসড়কে অবৈধ যান চলাচল পুরোপুরি বন্ধসহ পরিবহন মালিক-শ্রমিকদের কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বিভিন্ন হাইওয়েতে সমন্বিত চেকপোস্ট স্থাপন ও বিভিন্ন পৌর কর্তৃপক্ষের ইচ্ছামাফিক চাঁদা আদায় কার্যক্রম বন্ধ করার আশ্বাস দেন। 
 
প্রতিমন্ত্রী সমিতির সদস্যদেরকে সরকারের চলমান অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। পরে সভায় জানানো হয়, সড়ক পরিবহন নীতিমালা সংস্কার দাবি ও সম্প্রতি দু’টি মামলায় রায় দান পরিস্থিতি ব্যাখ্যা করতে আগামী বছরের ৩ জানুয়ারি বেলা ১২ টায় প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কাছে সমিতির পক্ষথেকে স্মারকলিপি দেয়া হবে। বাসস
 
ইত্তেফাক/কেকে