সংসদ সদস্যের গাড়ি বহরে হামলা, আহত ৪

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ২১:৩৮
 
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী সদ্য জাতীয় পার্টিতে (এরশাদ) যোগদানের পর নিজ এলাকায় ফিরে আসায় পথে তার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে উপজেলা জাতীয় পার্টির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পথে উপজেলার শাফা বন্দরে তিনি এ হামলার শিকার হন। 
 
হামলায় যুব সংহতির সভাপতি মিজানুর রহমান দুলাল, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, যুব সংহতির যুগ্ম সম্পাদক শাহ আলম ও এমপির অনুসারী প্রভাষক ফারুক হোসেন আহত হন। 
 
দলীয় সূত্রে জানা গেছে, সাংসদ ডা. ফরাজী শনিবার পার্ক ভবনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন। এ উপলক্ষে স্থানীয় উপজেলা জাতীয় পার্টি মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা ক্ষুব্ধ হয়ে সাফা বন্দরের কাছে এমপিকে ঝাউতলা থেকে এগিয়ে আনতে যাওয়া মোটরসাইকেল বহরে হামলা চালায়। এমপির পূর্ব নির্ধারিত সংবর্ধনার স্থান মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার স্বেচ্ছাসেবকলীগের কর্মীরা দখল করে রাখে। পরে ডা. ফরাজী শহীদ মোস্তফা খেলার মাঠে সংক্ষিপ্তভাবে সভা শেষ করেন। 
 
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. তারিকুল ইসলাম জানান, জাতীয় পার্টি থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি